এবার ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা দেবে যে দেশ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০২:২২:০৭
ভ্রমণপ্রেমীদের জন্য বড় সুখবর দিতে যাচ্ছে ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় এই দেশটি এবার দীর্ঘমেয়াদি গোল্ডেন ভিসা চালুর পরিকল্পনা করছে। ২০২৪ সালে প্রায় এক কোটি ৭৫ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছে ভিয়েতনামে, যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় দেশটিকে তৃতীয় অবস্থানে নিয়ে এসেছে। পর্যটন খাতে এই ধারাবাহিক সাফল্যকে আরও এগিয়ে নিতে নতুন ভিসা নীতির দিকে যাচ্ছে সরকার।
ভিয়েতনামের ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড সম্প্রতি প্রধানমন্ত্রী ফাম মিনহ চিনের কাছে পাঁচ থেকে দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ভ্যান হোয়ার প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, ভিয়েতনামকে আরও আকর্ষণীয় পর্যটন ও বিনিয়োগ গন্তব্যে পরিণত করা।
এরই মধ্যে এক সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী ফাম মিনহ চিন পর্যটন খাতকে শক্তিশালী করতে ভিসা-নীতিতে আরও সংস্কারের নির্দেশ দিয়েছেন। গত বছর ৯০ দিনের ই-ভিসা চালু এবং ভিসামুক্ত দেশের সংখ্যা বাড়ানোর পর এবার দীর্ঘমেয়াদি ভিসা চালু হলে পর্যটন খাতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রস্তাব অনুযায়ী, বিনিয়োগকারীদের জন্য ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসার পাশাপাশি পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগসহ বিশেষ ট্যালেন্ট ভিসা চালুর কথাও রয়েছে। শুরুতে হো চি মিন সিটি, হ্যানয়, দা নাং ও ফু কুওকের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে এই ব্যবস্থা চালু হতে পারে।
ভিয়েতনামের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য হলো, খুব শিগগিরই বিদেশি পর্যটকের সংখ্যা বাড়িয়ে দুই কোটি ৩০ লাখে নেওয়া। ২০২৬ সালের মার্চে লং থান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও, তার আগেই পর্যটন বাজারে বড় অবস্থান তৈরি করতে চায় দেশটি। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী বছর মালয়েশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আকর্ষণকারী দেশের তালিকায় উঠে আসতে পারে ভিয়েতনাম।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
উল্লেখ্য, ভিয়েতনাম আগে থেকেই বিনিয়োগের ভিত্তিতে এক থেকে পাঁচ বছর মেয়াদি ভিসা দিয়ে আসছে। বর্তমানে চারটি ক্যাটাগরিতে এসব ভিসা দেওয়া হয়। সবচেয়ে উচ্চমানের ডিটি-১ ভিসা পাঁচ বছরের জন্য, যার জন্য বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। তুলনামূলক কম বিনিয়োগে ডিটি-২ ও ডিটি-৩ ভিসা পাওয়া যায়, আর সবচেয়ে কম বিনিয়োগে এক বছরের ডিটি-৪ ভিসার সুযোগ রয়েছে।
পর্যটন ও বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি ভিসা এবং স্থায়ী বসবাসের সুযোগ চালু হলে ভিয়েতনাম আঞ্চলিক বিনিয়োগ ও পর্যটনের বড় কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সমান গুরুত্ব দেওয়ার ওপরও জোর দিচ্ছেন তারা।
No Comment Yet