মহাস্থানগড় জাদুঘরের মূর্তি আসল না রেপ্লিকা যাচাইয়ে আসছেন বিশেষজ্ঞ দল

বগুড়া, ৩০ মে ২০২৬ (বাসস): বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা তা যাচাইয়ের জন্য পরিদর্শনে আসবেন বিশেষজ্ঞ দল। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সর্বশেষ অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি, এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন কমিটির সদস্যরা। এ সময় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও মূর্তিগুলোর  মৌলিকতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ ও বৈজ্ঞানিক মূল্যায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম এনে পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

তদন্ত কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মহাস্থানগড় দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এ বিষয়ে তদন্ত কমিটির সর্বশেষ পরিস্থিতি প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে। আশা করছি, বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ হবে। সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0%
0%
No Comment Yet