ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রতিবেদক: ইমরান হোসেন
সময়: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সময়: ১৮:০৬:০২
ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠেয় আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভের’ এই সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেওয়ার জন্য নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর বাংলাদেশ পঞ্চম সদস্য হিসাবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিয়েছে।
অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
ড. খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তার অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে দেখা হচ্ছে।
No Comment Yet