গারদ থেকে পালানোর ৯ ঘণ্টার মধ্যেই ডাকাতি মামলার আসামি গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ সময়: ২৩:০৬:০২
গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হেফাজতে গারদখানা থেকে কৌশলে পালিয়ে যায় ডাকাতি মামলার আসামি সম্রাট। এর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে পুনরায় গ্রেফতার করেছে র্যাব ও গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের যৌথ দল।
তার বিরুদ্ধে নতুন করে পলায়নের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে।
ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ এবং র্যাব সমন্বিতভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার ৯ ঘণ্টার মাথায় র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে সম্রাটকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পলায়নের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। ঘটনার পরপরই র্যাব ও জিএমপির বিভিন্ন ইউনিটকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশের দ্রুত তৎপরতার ফলে মাত্র ৯ ঘণ্টার মধ্যেই পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জিএমপি সব সময়ই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, পলায়নের ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়েও বিভাগীয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No Comment Yet