দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকার প্রশ্নের জবাব দেয়নি রিয়াদ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১০:৪৭:৫৭
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ সরকারের পাঠানো প্রশ্নের এখনো জবাব দেয়নি রিয়াদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন।
গত ১৪ অক্টোবর বাংলাদেশি কর্তৃপক্ষকে আগে থেকে না জানিয়েই এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও প্রক্রিয়া সম্পর্কে সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চলতি সপ্তাহের শুরুতে জানান, সংশ্লিষ্ট আদালতের রায়ের অনুলিপি, কী অপরাধে তাদের দণ্ড দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে বিষয়টি আগে জানানো হয়নি কেন—এসব বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। দেশটিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বসবাস করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে।
No Comment Yet