ট্রাইব্যুনালে নিজেদের কল রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তখনকার আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আন্দোলন দমাতে টেলিফোনে নানা আলাপ করেন। এর মধ্যে দুইজনের কথোপকথনের একটি কল রেকর্ডে উঠে আসে আন্দোলনকারীদের 'শেষ করে দেওয়ার' কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি)- সেই কল রেকর্ড শুনে হাসেন আনিসুল হক ও সালমান এফ রহমান। 

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এর এজলাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে এ ঘটনা ঘটে।  ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

এ সময় চিফ প্রসিকিউটর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পড়ে শোনান। চিফ প্রসিকিউটর জানান, তিনি একটি অডিও শোনাতে চান, যার মাধ্যমে প্রমাণ করা যাবে ঠিক কি অভিযোগে তাদের বিচার শুরুর আবেদন করেছেন তারা। 

অডিওতে শোনা যায়, সালমান এফ রহমানকে আনিসুল হক আন্দোলন দমনে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন। শুধু তাই নয় কারফিউ দিতে বার বার অনুরোধ করা হচ্ছে বলেও শোনা যায়।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ সময় নিজেদের ফোনের অডিও শুনে নিজেরাই হাসতে থাকেন সালমান এফ রহমান ও আনিসুল হক। নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায় তাদের।

পরে চিফ প্রসিকিউটর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।

0%
0%
No Comment Yet