ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ১২:৩৮:৩০
বগুড়া শহরে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেছে একদল ডাকাত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চারমাথা এলাকার বারপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারপুর ফিলিং স্টেশনের পাশে অবস্থিত টপাগো নামের একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ সময় বগুড়া সদর থানার একটি নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
বিজ্ঞাপন
Anjara World Shop
পুলিশ জানায়, ডাকাত দলটি সবুজ নার্সারির সামনে পৌঁছালে আবারও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ধাওয়ার একপর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত ট্রাক এবং কোম্পানি থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ফেলে রেখে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি শটগান জব্দ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাকাতদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান ও তদন্ত চলছে।
No Comment Yet