গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জেলে উদ্ধার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২২ মে ২০২৬ সময়: ১২:৫৯:০৩
ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডারে একটি বোটকে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে বোটটির কাছে গিয়ে জানা যায়, ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে বোটটি গভীর সমুদ্রে যায়।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরবর্তীতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি গত তিন দিন ধরে কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়।
উদ্ধারকৃত বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
No Comment Yet