পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ সময়: ০৮:২৬:১৫
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ১২ রবিউল আউয়াল আজ। মুসলিম বিশ্বে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। খ্রিষ্টীয় ৫৭০ সালে সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে তাঁর জন্ম। জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন। এতিম অবস্থায় বেড়ে উঠেও সততা, আমানতদারি, সংযম ও মানবিকতার জন্য তিনি ‘আল-আমিন’ হিসেবে পরিচিতি লাভ করেন।
চল্লিশ বছর বয়সে মক্কার হেরা গুহায় তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয়। এর মধ্য দিয়ে শুরু হয় নবুওয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান এবং অন্যায়, জুলুম, শোষণ, মিথ্যা ও বৈষম্য থেকে দূরে থাকার শিক্ষা দেন। তাঁর আদর্শের মূল ভিত্তি ছিল তাওহিদ, ন্যায়বিচার, দয়া, সহমর্মিতা ও মানবিক মর্যাদা।
মহানবী (সা.)-এর আবির্ভাবের সময় আরব সমাজ পৌত্তলিকতা, কুসংস্কার, গোত্রীয় সংঘাত ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। মক্কায় তাঁর প্রচার ও অনুসারীদের ওপর নির্যাতন নেমে এলে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। সেখানে ন্যায়, পারস্পরিক দায়িত্ব, সহাবস্থান ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন।
প্রায় ২৩ বছর নবুওয়াতের দায়িত্ব পালনের পর ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন মহানবী (সা.)। তাঁর জীবন ও আদর্শ আজও বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য অনুসরণীয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দোয়া, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
Anjara World Shop
রাষ্ট্রপতি মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, হিংসা ও বৈষম্যের প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও ক্ষমার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। এতিম, দরিদ্র, অসহায়, নারী, শিশু ও সমাজের প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় মহানবী (সা.)-এর শিক্ষার কথাও তুলে ধরেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা চলছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাহফিল, সেমিনার, কবিতাপাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রকাশনা ও প্রদর্শনী।
এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।
No Comment Yet