মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে।

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংসদ ভবনস্থ স্পিকারের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাসসকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, নব নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে।

এরআগে শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

Anjara World Shop

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

অপর দিকে আজ সোমবার  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

0%
0%
No Comment Yet